ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে ‘সমপর্যায়ের পাল্টা জবাবের’ জন্য প্রস্তুত থাকতে হবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
আইআরজিসির দাবি, এসব দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তাসনিম আরও জানিয়েছে, আইআরজিসির স্থলবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক রসদকেন্দ্র ক্যাম্প আরিফজানে হামলা চালিয়েছে। তাদের দাবি, এ হামলায় সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।
এ ছাড়া কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলি আল সালেম বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ঘাঁটির রাডার ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। পাশাপাশি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ড্রোন সংরক্ষণাগার ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি স্বাধীন কোনো সূত্র থেকেও এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
