জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে এলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের অঙ্গীকার করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
সোমবার এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, তার প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার ভাষায়, গাজায় পরিচালিত সামরিক অভিযানের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে জবাবদিহির মুখোমুখি হতে হবে।
মামদানির এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে দাবি করেছে, আন্তর্জাতিক অপরাধ আদালত একটি “অবৈধ আদালত” এবং যুক্তরাষ্ট্র বা ইসরাইলের নাগরিকদের ওপর আদালতটির কোনো এখতিয়ার নেই। একই সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা পরোয়ানাকে “ভিত্তিহীন” বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। যদিও তিনি ওই পোস্টে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নাম সরাসরি উল্লেখ করেননি।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
