দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও পূর্ণাঙ্গভাবে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করে সেবা চালুর অনুমতি দেওয়ার পর মঙ্গলবার সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা চালু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনেই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বহির্বিভাগে ৬০৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ ছাড়া ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই দিনে ৮টি সিজারিয়ান ও ৩টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।
লাইসেন্স পুনর্বহালের ফলে হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিদেশি ইন্টার্ন চিকিৎসক ইলিয়াস মানসুর বলেন, হাসপাতাল বন্ধ থাকায় তাদের ইন্টার্নশিপ সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পুনরায় হাসপাতাল চালু হওয়ায় তারা নিয়মিতভাবে রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি ইন্টার্নশিপ শেষ করার সুযোগ পাচ্ছেন।
নেপাল থেকে আসা এক শিক্ষার্থী জানান, হাসপাতালের সেবা বন্ধ থাকলেও একাডেমিক কার্যক্রম চলমান ছিল। তবে চিকিৎসাসেবা পুনরায় শুরু হওয়ায় শিক্ষার্থীরা আবারও হাতে-কলমে ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
রোগী ও তাদের স্বজনরাও হাসপাতাল চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। শরীয়তপুর থেকে আসা এক সেবাগ্রহীতা বলেন, স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা ও চিকিৎসক-নার্সদের আন্তরিক সেবার জন্য আদ্-দ্বীন হাসপাতাল সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহেদ হোসাইন বলেন, হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছিল। লাইসেন্স পুনর্বহালের ফলে সেই উদ্বেগ কেটে গেছে এবং নতুন উদ্যমে সেবাকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. জামালুন্নেসা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত ভেন্টিলেশন, অক্সিজেন সুবিধা নিশ্চিতকরণ এবং চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, স্বল্প ব্যয়ে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আদ্-দ্বীন হাসপাতাল আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে হাসপাতালটিতে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, জরুরি চিকিৎসাসহ সব ধরনের সেবা চালু রয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে স্বাভাবিক প্রসবে উৎসাহ দেওয়া এবং স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, অলাভজনক প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে দেশের বিভিন্ন স্থানে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ২টি স্কুল এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
