বরিশালে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আহমদ উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আহমদ উল্লাহ বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এবং উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আহমদ উল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০, সংশোধনী-২০০৩), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন (২০১২) এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।







