নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না উল্লেখ করে কমিশনকে চোখ-কান খোলা রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় তাদের নির্বাচনে অংশগ্রহণও নিষিদ্ধ করতে হবে। এর পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় যাদের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি হিসেবে বসানো হয়েছে, তাদের সেই পদের জন্য নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করার দাবি জানান তিনি।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়ার যে সিদ্ধান্ত ইসি নিয়েছিল, তা বাতিলের জোর দাবি জানানো হয়েছে। কমিশন বিষয়টিকে গুরুত্বের সাথে আমলে নিয়ে পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে।
এ ছাড়া ইসি সচিবালয়ের নতুন নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। জাতীয় নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে দায়িত্ব পালন করা কোনো কর্মকর্তাকে ইসিতে রাখলে নির্বাচন কখনই নিরপেক্ষ হতে পারে না।
