এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ যদি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, রাজনীতি করতে চাইলে সংশ্লিষ্ট দলীয় ব্যানারে প্রকাশ্যে রাজনীতি করা উচিত।
বুধবার হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বাগ্বিতণ্ডার সময় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনীতি করলে ব্যানার খুলে রাজনীতি করুন, বিএনপি করুন। পুলিশও হবেন, আবার দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না।
নিরাপত্তার জন্য যারা হুমকি, তাদের না ধরে আমাদেরকেই কেন বাধা দেওয়া হচ্ছে?’
এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘কোন আইনের ভিত্তিতে আমাকে বাধা দেওয়া হচ্ছে?’
মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে পথে একাধিক স্থানে পুলিশি বাধার মুখে পড়েন তারা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করছিলেন। এ সময় সেখানে প্রবল বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রেখে বৃষ্টির মধ্যেই অবস্থান করেন।
