রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর সংগঠক ডা. তাজনূভা জাবীনের ডেঙ্গু বিষয়ক ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাংবাদিক রমজান আলী। রমজান আলী দৈনিক দেশ রূপান্তর ও রূপায়ণ গ্রুপের ইনভেস্টিগেটিভ সেল এবং ব্যাংক বিটে কর্মরত বলে জানা গেছে।
ফেসবুকে লাইভ চলাকালে রমজান আলী “খাট কাপানো আপু” লিখে ওই নারী রাজনৈতিক সংগঠককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, অভিযুক্ত রমজান আলী ঝালকাঠি রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন এবং তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত জুলাই গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তথ্য পাওয়া গেছে।
ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে ডা. তাজনূভা জাবীন জানান, গণমাধ্যমে কর্মরত একজন দায়িত্বশীল ব্যক্তির থেকে এমন প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশ রূপান্তর কর্তৃপক্ষ যদি অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ না নেয়, তবে তিনি সংশ্লিষ্ট পত্রিকা ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি জানান, ওই কর্মী সরাসরি পত্রিকাটির পে-রোলে না থাকলেও তাঁদের পরিচয় ব্যবহার করায় বিষয়টি বিব্রতকর। তবে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের পিএস মেহেদি হাসান নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানটির নীতি ও মানবসম্পদ আইনের আলোকে রমজান আলীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সিদ্ধান্ত নিতে যাচ্ছে রূপায়ণ ম্যানেজমেন্ট।
