চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত মোহাম্মদ রাসেল পেশায় একজন পিকআপ চালক এবং তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের দ্বিতীয় বিয়ে করা নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কলহ চলছিল। ঘটনার রাতে তাঁরা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে রাসেল ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর প্রথম স্ত্রী মনি হাত-পা বেঁধে ধারালো দা দিয়ে শরীরে ও পুরুষাঙ্গে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত হন।
স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার সময় তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
এ ঘটনায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে আহত রাসেলের শাশুড়ির দায়ের করা মামলায় অভিযুক্ত স্ত্রী মনিকে গ্রেপ্তার করা হয়েছে।
