ঢাকায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠককে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে সিলেটের বন্দরবাজারে কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদ পত্রিকার ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, কোনো কূটনৈতিক বৈঠক যদি কেবল সৌজন্যমূলক হয় তবে তা ভিন্ন বিষয়। কিন্তু দুই দেশের যৌথ বা স্বার্থসংশ্লিষ্ট কোনো ইস্যু হলে সে আলোচনা সরকারের সঙ্গে হওয়া উচিত এবং প্রয়োজনে বিরোধী দলের সঙ্গেও হতে পারে। তবে একটি স্বাধীন-সার্বভৌম দেশে অন্য কোনো বিশেষ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এই ধরনের আলোচনা তাঁদের কাছে কাম্য নয়।
রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে না দেখে তাদের দীর্ঘদিনের নিপীড়িত অবস্থান অনুধাবন করা উচিত। একই সাথে জামায়াতে ইসলামীও অতীতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা চান ফ্যাসিবাদের আমল ইতিহাসের পাতায় চাপা পড়ুক এবং একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না।
সরকারের বিভিন্ন ব্যর্থতা ও জাতীয় সংকটের বিষয়ে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান আরও বলেন, খাস দলীয় ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া অতীতে বিতর্কমূলক ও কারচুপির নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। দেশের মানুষ আর কোনো পাতানো নির্বাচন মেনে নেবে না। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করা এবং গণভোটের মতো ইস্যুতে জনরায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগের কথা মনে রেখে দ্রুত দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন।
সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে সমাজের নিরপেক্ষ দর্পণ হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি দৈনিক জালালাবাদ পত্রিকাটিকে রাজনৈতিক দলের মুখপাত্র না হয়ে সত্য ও বস্তুনিষ্ঠতার নীতি আঁকড়ে ধরে জনগণের কণ্ঠস্বর হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার পরামর্শ দেন।
