কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিরোধী দলকে দমনে সরকার বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে। তার দাবি, নির্বাচনের পর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রত্যাশা থাকলেও বাস্তবে বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনা ঘটছে।
রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতভেদ স্বাভাবিক। তবে বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে তাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এবং একাধিকবার নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনা রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌর কর আদায় করা হবে। তবে প্রশাসনের অনুমোদন ও নির্ধারিত হারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনগত অনুমতি ছাড়া অর্থ আদায় করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।
