রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে যুদ্ধাপরাধীদের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভ কর্মসূচির সময় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারী হিসেবে চিহ্নিত বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচির পর রাতে তিনি নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ দুঃখ প্রকাশ করেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা ‘রাজাকার’ লেখা একটি ব্যানারে টানানো বিভিন্ন যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবির ওপর জুতা নিক্ষেপ করেন এবং ছাত্রশিবিরবিরোধী নানা স্লোগান দেন। উক্ত ব্যানারে জামায়াতে ইসলামীর সাবেক নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ বেশ কয়েকজনের ছবি অন্তর্ভুক্ত ছিল।
কর্মসূচি চলাকালে দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক বিতর্ক ও আলোচনা-সমালোচনা। পরবর্তীতে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে আরিফুল ইসলাম আরিফ দাবি করেন, তিনি সাঈদীর ছবিটি ব্যানারটিতে খেয়াল করেননি।
পোস্টে তিনি লেখেন, ‘আমি একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওনার ছবিটি দেখিনি। আপনারা অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু একটুও দুঃখ পাইনি। কারণ ওনাকে নিয়ে অন্য কেউ এটা করলে আমি-ও এমনটাই করতাম। কান্না করার পরও মনকে শান্তনা দিতে পারতেছি না। আপনাদের মনে যে কষ্ট দিয়েছি, তার জন্য আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমা করবেন।’
