ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্প প্রশাসনকে সামরিক সংঘাত কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করছেন, সামরিকভাবে যুদ্ধ আরও বিস্তৃত করা হলে তা বর্তমান পরিস্থিতির জটিলতা আরও বাড়াতে পারে এবং সম্ভাব্য সামরিক বিকল্পগুলো আশানুরূপ ফল না-ও দিতে পারে।
জেনারেল কেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এটিও আশ্বস্ত করেছেন যে, যদি সামরিক নির্দেশের প্রয়োজন হয়, তবে মার্কিন বাহিনী ইরানকে পুরোপুরি ধ্বংস করার সক্ষমতা রাখে। তবে একই সঙ্গে তিনি সামরিক শক্তির সীমাবদ্ধতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের ভয়াবহ ঝুঁকি সম্পর্কেও প্রশাসনকে সতর্ক করেছেন।
বিশেষ করে মার্কিন বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের মজুত দ্রুত কমে আসা এবং দীর্ঘস্থায়ী সংঘাতের বিষয়টি তাঁর উদ্বেগের কেন্দ্রে রয়েছে। এছাড়া ইরান পাল্টা আঘাত হানলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়া এবং মিত্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির কথাও তিনি তুলে ধরেছেন।
এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ নীতিনির্ধারকদের মধ্যে বর্তমানে ‘যুদ্ধ থেকে বের হওয়ার পথ’ বা ‘অফ-র্যাম্প’ খোঁজার আলোচনা জোরদার হয়েছে। যুদ্ধের উত্তেজনা কমিয়ে কীভাবে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করা যায় এবং একই সঙ্গে নিজেদের অর্জিত সাফল্য বা অগ্রগতি হিসেবে তা উপস্থাপন করা যায়, সে বিষয়েই কৌশল খুঁজছে হোয়াইট হাউস।
