বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে বিএনপি দলীয়করণ ও স্বজনপ্রীতির আশ্রয় নিচ্ছে। এমনকি কোথাও কোথাও কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনাও ঘটছে বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
এর আগে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর অঞ্চল সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অঞ্চল টিমের সদস্য আব্দুল হাকিম, নীলফামারী জেলা আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ
গোলাম পরওয়ার অভিযোগ করেন, জনগণের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় উন্নয়ন বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। তার দাবি, সরকারের আচরণে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে জামায়াতকে ভোট দেওয়া মানুষ যেন রাষ্ট্রের সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন না।
তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যদের এলাকায় একের পর এক প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হলেও জামায়াতসহ ১১ দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় বৈষম্য করা হচ্ছে। তাদের প্রাপ্য সাধারণ বরাদ্দও কমিয়ে দিয়ে সেই অর্থ নিজেদের মধ্যে বণ্টন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিশেষ বরাদ্দের নামে বড় অঙ্কের অর্থ লুটপাটেরও অভিযোগ তোলেন জামায়াতের এই নেতা।
রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধান সংস্কার
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ও গোপনে ভোট দেওয়ার সুযোগ থাকলে ১১ দল মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। কিন্তু সংবিধানের ৭৩ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পান না বলে দাবি করেন তিনি।
তার মতে, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে এই বিধান পরিবর্তন করা প্রয়োজন। এ জন্য সংবিধান সংস্কারের ওপরও জোর দেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, এ বিষয়ে তারা দাবি জানালেও সরকার তা বাস্তবায়ন করবে না বলে তিনি মনে করেন। তার অভিযোগ, সরকার জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটানো গণভোটকেও গুরুত্ব দিচ্ছে না।
পরে গোলাম পরওয়ার সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমিতে রংপুর বিভাগের আঞ্চলিক কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিমানবন্দর ত্যাগ করেন।
