১৫ আগস্ট বাকশাল শাসনের পতনের দিন হিসেবে চিহ্নিত। ১৯৭৫ সালের এই দিনে সেনা কর্মকর্তাদের একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন একদলীয় শাসনব্যবস্থা বাকশালের অবসান ঘটে এবং শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্র ক্ষমতা থেকে অপসারণ করা হয়।
তৎকালীন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায়, অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং রাজনৈতিক বিরোধীদের দমনে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশের এক পর্যায়ে তৎকালীন শেখ মুজিব সরকার গণতান্ত্রিক পথ পরিহার করে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাকশাল ঘোষণার ফলে দেশে গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের সব স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়। একদলীয় এই শাসন কাঠামো প্রতিষ্ঠার সিদ্ধান্তটিই পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে চরম অচলাবস্থা তৈরি করে এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথকে ত্বরান্বিত করে।
১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থান ও শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ঘটনাটি কেবল কোনো একক বা বিচ্ছিন্ন সেনাদলের কাজ ছিল না; বরং তা ছিল স্বাধীনতা-পরবর্তী সাড়ে তিন বছরের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় নীতি ও সামাজিক সংঘাতের এক অনিবার্য পরিণতি।
তৎকালীন সরকারের বিচারবহির্ভূত তৎপরতা, প্রাতিষ্ঠানিক অনিয়ম, সামরিক বাহিনীর সঙ্গে দূরত্ব সৃষ্টি এবং রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করার ফলে যে চরম অস্থিরতার জন্ম হয়েছিল, তা-ই মূলত একটি অসাংবিধানিক ও সহিংস ক্ষমতা পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছিল।
