কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলা ও তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (১৬ আগস্ট) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের এ হামলার জন্য দায়ী করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে গণসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থাতেই এমপি মুফতি আমির হামজা বর্বরোচিত হামলার শিকার হন। গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে হকিস্টিক ও ইট-পাটকেল নিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালায় বলে তিনি দাবি করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও জানান, সন্ত্রাসীদের এই পৈশাচিক হামলায় এমপি মুফতি আমির হামজা নিজে, তাঁর পরিবারের সদস্য এবং সফরসঙ্গীসহ অন্তত সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের পরিকল্পিত ও নগ্ন হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।
ঘটনাস্থলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, এমপি আমির হামজা আগেই উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও হামলার সময় পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন সময়মতো সতর্ক ও কঠোর ভূমিকা পালন করলে সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটানোর দুঃসাহস পেত না বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সাথে তিনি হামলায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
