গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সরকার যেভাবে পাশ কাটিয়ে যেতে চাইছে, একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ চলমান জনদুর্ভোগকে পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের জঞ্জাল হিসেবে তুলে ধরে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
রোববার রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ সরকারের সৃষ্ট জঞ্জাল যদি এখনও বিদ্যমান থাকে, তাহলে বিএনপি সরকারের করণীয় কী? সরকারের যদি কিছুই করার না থাকে, তাহলে ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। জনগণের দুর্ভোগ নিরসনের পরিবর্তে যারা তা সৃষ্টি করে, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একটি আদর্শিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর প্রতি জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে ধারাবাহিকভাবে ভূমিকা রাখতে হবে।
জনগণের যেকোনো দুর্ভোগ নিরসন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিত করতে সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের গণদাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রতি জনগণের যে আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে, তা ধরে রাখতে নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থাকতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের বিজয় কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, সে জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকতে হবে।
সংগঠন সম্প্রসারণ ও শক্তিশালী করার বিষয়ে বুলবুল বলেন, সংগঠনের বার্ষিক পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে হবে এবং সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিগলিতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে সংগঠন-সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশটি পরিচালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এতে মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপিসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া থানা আমির, বিভাগীয় সভাপতি ও সহসভাপতি, থানা নায়েবে আমির, থানা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সমাবেশে অংশ নেন।
