হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামী শ্রমনীতি শ্রমজীবী মানুষের কাছে তুলে ধরতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য মজুরি এবং মালিকদের দায়িত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) যে নীতিমালা দিয়ে গেছেন, তা অনুসরণ ও চর্চার মাধ্যমে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি করা সম্ভব।
আতিকুর রহমান বলেন, শ্রমিক ও মালিক উভয়ের দায়িত্ব-কর্তব্যের পাশাপাশি শ্রমিকের অধিকার ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। এ লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও সারাদেশের শ্রমিক জোনগুলোতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক জোন ও মহানগর এলাকায় সিরাতুন্নবী (সা.) মাহফিল, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সিরাতভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং সিরাতের ওপর রচিত বই পাঠ প্রতিযোগিতা।
এ ছাড়া ঢাকা, গাজীপুর ও আশুলিয়াসহ বিভিন্ন শ্রমিক অধ্যুষিত এলাকায় নাতে রাসুল (সা.) সন্ধ্যা, ইসলামী শ্রমনীতির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং কর্মজীবী নারীর অধিকার ও মর্যাদা বিষয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।
সংগঠনের সভাপতি জানান, ‘শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এক অনন্য আদর্শ রাসুলের শ্রমনীতি’ শীর্ষক একটি জাতীয় সেমিনারও আয়োজন করা হবে।
আতিকুর রহমান বলেন, সিরাতুন্নবী (সা.)-এর আলোচনা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের কাছে ইসলামী শ্রমনীতির মৌলিক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি এ নীতির পক্ষে জনমত গড়ে তোলা হবে।
তিনি কর্মসূচি সফল করতে ফেডারেশনের জেলা, মহানগর, ইউনিয়ন, সেক্টর ও কাফ ফেডারেশনসহ সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মাওলানা মহিবুল্লাহ, আক্তারুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা।
