গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি বলেছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলকে দেওয়া সব বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং উত্তেজনা বাড়াতে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। খবর আলজাজিরার।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি গাজা সংঘাতের অবসানে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে সংঘাত বন্ধে ‘সমন্বিত পরিকল্পনা’ বাস্তবায়নের জন্য যখন জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে, তখন এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক, মিসর ও কাতার জানায়, ‘বোর্ড অব পিস’ ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে বৈঠকসহ চলমান আলোচনায় গঠনমূলক অগ্রগতি হচ্ছে। এ অবস্থায় ইসরায়েলি হামলা সেই অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করছে বলেও সতর্ক করেছে দেশগুলো।
যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ‘বোর্ড অব পিস’-এর প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।
