জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ইসলামী রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তিনি আদল বা ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার সকালে রাজধানীর সাভারে জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আমির, সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।
হামিদুর রহমান আযাদ বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবিদের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহর ওপর ভরসা করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও নৈতিক অবক্ষয় বাড়তে থাকে। মদ্যপান, অবৈধ বাণিজ্য এবং ঘুষের মাধ্যমে বিচারিক সিদ্ধান্ত প্রভাবিত করাকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
আযাদ বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের চরিত্র ও নৈতিকতার উন্নয়ন অপরিহার্য। ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমস্যা সবসময় নেতিবাচক নয়; অনেক সময় তা মানুষের জন্য শিক্ষা ও পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। তাই বাধা-বিপত্তিতে পিছিয়ে না গিয়ে তা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে। এসব বাধা মোকাবিলায় ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. মসিউল আলম। দারস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ।
এ ছাড়া সহীহ কুরআন শিক্ষা প্রদান করেন ড. মাওলানা মো. আব্দুল জব্বার ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম। এ সময় জেলা কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
