ময়মনসিংহে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ভেটেরিনারি চিকিৎসককে মারধরের অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিড়ালের মৃত্যুর কারণ দেখিয়ে গত শুক্রবার সন্ধ্যায় ডক্টর’স পেট কেয়ার নামক ব্যক্তিগত চেম্বারে অতর্কিত হামলা চালানোর ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক ডা. আশিকুর রহমান কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার সন্ধ্যায় ডা. আশিক নিজ চেম্বারে কথা বলার সময় আফরিন রশিদ সেঁজুতি নামে এক নারী অতর্কিতে তাঁকে জুতা দিয়ে বারবার আঘাত করতে থাকেন। পরবর্তীতে তালহাজুর রহমান প্রতীকসহ সঙ্গে আসা যুবকেরা ওই চিকিৎসককে কিল-ঘুসি ও মারধর শুরু করেন। বাধা দিতে গেলে চেম্বারের কর্মী ও তাঁদের স্ত্রীদেরও টানাহেঁচড়া ও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
থানায় দেওয়া অভিযোগে ডা. আশিকুর রহমান দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এই গোষ্ঠীটি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে রড দিয়ে পেটানো হয় এবং চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। একই সাথে ভাঙচুর চালিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামালের ক্ষতি করা হয়।
অপরদিকে, অভিযুক্ত পক্ষের দাবি—একটি গর্ভবতী পারশিয়ান বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে। তবে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতাকে তাৎক্ষণিক বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
