বিএনপি সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সোমবার (২৪ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। সিপিডির হিসাবে চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে।
প্রতিষ্ঠানটি জানায়, অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে প্রবাসী আয় ও রিজার্ভসহ ১২টি খাতে কিছু অগ্রগতি হলেও মূল্যস্ফীতি ও মাথাপিছু ঋণসহ ১৯টি সূচকে তীব্র অবনতি ঘটেছে। একই সময়ে দেশের তিনটি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে অন্তত ৬১,৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছেন।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন যে, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা থাকলেও সেখানে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে এবং সমন্বিত কর্মপরিকল্পনার অভাব দেখা গেছে।
তবে সিপিডির মূল্যায়নে সরকারের কিছু পদক্ষেপ ইতিবাচক হিসেবেও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে করমুক্ত আয়সীমা বাড়ানো, অপ্রকাশিত অর্থ বৈধ করার সুযোগ বাতিল, ই-রিটার্ন ব্যবস্থার সম্প্রসারণ এবং পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন। এছাড়া জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ভাড়ায় ছাড় এবং কৃষিঋণ মওকুফের মতো উদ্যোগগুলো প্রশংসিত হলেও সার্বিকভাবে মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
