শিশু ও কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত না রাখার অভিযোগে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে প্রায় ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩ কোটি ডলার) জরিমানা করেছে ব্রাজিলের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাজিলের সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে।
ব্রাজিলের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা এক সিদ্ধান্তে জানিয়েছে, টিকটক অ্যাকাউন্টে লগইন করা ব্যবহারকারী এবং অতিথি হিসেবে প্ল্যাটফর্ম ব্রাউজ করা—দুই ক্ষেত্রেই তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা বা বৈধ আইনি ভিত্তি ছাড়াই শিশু ও কিশোরদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার অভিযোগ রয়েছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।
নিয়ন্ত্রক সংস্থার হিসাব অনুযায়ী, টিকটক অন্তত ৮০ লাখ শিশু-কিশোরের তথ্য প্রক্রিয়াজাত করে থাকতে পারে। প্ল্যাটফর্মটির বয়স যাচাই ব্যবস্থায়ও কাঠামোগত দুর্বলতা রয়েছে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।
ব্রাজিলের কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য বাইটড্যান্সকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি অবৈধভাবে সংগ্রহ করা সব তথ্য মুছে ফেলা এবং শিশু-কিশোরদের তথ্য সুরক্ষায় আরও কার্যকর ও সমন্বিত কাঠামো তৈরির নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বিশেষ করে টিকটকের ‘লগড-আউট ফিড’ সুবিধা নিয়ে উদ্বেগ জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট তৈরি বা লগইন না করেই যেকোনো ব্যবহারকারী ভিডিও দেখতে পারেন বলে অপ্রাপ্তবয়স্করা বয়স যাচাইয়ের প্রক্রিয়া এড়িয়ে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছে। যুক্তরাষ্ট্রে বা ইউরোপে অ্যাকাউন্ট ছাড়া টিকটক ব্যবহার করা না গেলেও ব্রাজিলে এই সুবিধাটি রয়েছে।
শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা রক্ষায় কেবল টিকটকই নয়, চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ডিসকর্ডকেও দেশজুড়ে লাইভস্ট্রিমিং সুবিধা স্থগিতের নির্দেশ দেওয়া হয়। ১৩ বছর বয়সী এক কিশোরী লাইভস্ট্রিমে প্ররোচিত হয়ে আত্মহত্যা করার ঘটনায় এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার এবং ব্রাজিলের সুপ্রিম কোর্ট অপ্রাপ্তবয়স্কদের ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ বাড়াতে কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়া, কানাডা ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও বর্তমানে শিশুদের তথ্য সুরক্ষা, বয়স যাচাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নানা বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিচ্ছে।
