ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের সরাসরি প্রভাবে মধ্যপ্রাচ্যের ব্যস্ততম বিমান যোগাযোগ কেন্দ্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিবহনে ব্যাপক ধস নেমেছে।
উপসাগরীয় অঞ্চলে একাধিক ফ্লাইট বাতিল, সাময়িক বিমানবন্দর বন্ধ রাখা এবং আকাশসীমায় কঠোর বিধিনিষেধের কারণে ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিমানবন্দরটির যাত্রী সংখ্যা ৩১ শতাংশ কমে ৩ কোটি ১৫ লাখে নেমে এসেছে। বিগত ২০২৫ সালের একই সময়ে যা ছিল ৪ কোটি ৬০ লাখ।
উদ্বেগজনক এই মন্দা সবচেয়ে তীব্র আকার ধারণ করেছিল মার্চ মাসে, যখন ওই এক মাসেই যাত্রী আগমন ও নির্গমন আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ৬৫ শতাংশ কমে যায়। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরটিতে নিয়মিত ফ্লাইট পরিচালনাকারী ৯০টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের মধ্যে বছরের মাঝামাঝি সময়ে এসে মাত্র প্রায় ৫০টি এয়ারলাইন্স তাদের কার্যক্রম সচল রাখতে সক্ষম হয়।
এর আগে ২০২৫ সালে ৯ কোটি ৫২ লাখ যাত্রী সামলানোর অভাবনীয় রেকর্ড গড়ে ২০২৬ সালে পুরো বছরে ১০ কোটি যাত্রী চলাচলের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের মারাত্মক প্রভাবে বিমানবন্দরটির সেই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনে এখন বড় ধরনের অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে।
