বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপন কুমার গোস্বামীকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ করেছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে স্বপন কুমার গোস্বামীর নিয়োগের বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ২২ জুন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে হুইপ দুলু উল্লেখ করেন, স্বপন কুমার গোস্বামী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে তিনি একজন যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
চিঠিতে স্বপন কুমার গোস্বামীর কেন্দ্রীয় ব্যাংকিং, আর্থিক খাতের তদারকি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংকিং নিয়ন্ত্রণ কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক নেতৃত্বের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে তাঁর গভীর জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বর্তমানে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহি বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
এসব সংস্কার কার্যক্রমে স্বপন কুমার গোস্বামীর পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্ব ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, জনস্বার্থে এবং দেশের আর্থিক খাতের উন্নয়ন ও বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে স্বপন কুমার গোস্বামীকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
চিঠির বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “উনি আমার এলাকার ভোটার, সেই বিবেচনায় চিঠি দেওয়া হয়েছে।”
