মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান আদালতে আবেদন করে শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে জানান, তাদের এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করতে সক্ষম হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা জরুরি—এমন যুক্তিতে দুদক আদালতের কাছে নিষেধাজ্ঞার আবেদন করে। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।







