দেশে চলমান তীব্র জ্বালানি সংকট, ঘন ঘন লোডশেডিং, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে কঠোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট নিয়ে ব্যঙ্গাত্মক সুরে রুমিন ফারহানা বলেন, “দুষ্টু লোকে বলেন, ভালো লোকে বলেন না— টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়। কতক্ষণ বিদ্যুৎ থাকে তারা নাকি বুঝতে পারে না।” এ সময় তিনি দেশের কলকারখানা ও কর্মসংস্থানের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, সরকার ১ কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার মাত্র ৬ মাসের মধ্যে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০-র বেশি কারখানা বন্ধ হয়ে গেছে।
আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে আইনশৃঙ্খলা, বাজারদর ও জ্বালানি অন্যতম হলেও স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ব্যঙ্গ বা বাকচাতুর্য দিয়ে ঢেকে দিতে চান। বর্তমানে বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, চাল ও ডিমের দাম আকাশচুম্বী এবং সাধারণ মানুষকে টিসিবির পণ্যের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে জানান তিনি।
