জনগণের জীবনযাত্রা যখন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে বিপর্যস্ত, তখন শুধু বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই দুর্ভোগের সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা দনিয়া কলেজ প্রাঙ্গণে বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী জোন আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কথা বললেও জনগণের প্রকৃত চাওয়া হলো বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ। জনদুর্ভোগের বাস্তবসম্মত সমাধান না করে কেবল কার্ড দেওয়া কিংবা উন্নয়নের প্রচার চালানো জনগণের অধিকার ও গণতন্ত্রের বিকল্প হতে পারে না। তাই সরকারকে এই সংকটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জনগণের ভোটাধিকার ও গণরায়ের প্রতি সম্মান প্রদর্শনের জোর দাবি জানিয়ে খেলাফত মজলিসের আমির হুঁশিয়ারি দেন যে, জনগণের ম্যান্ডেটকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। অতীতে জনগণের ভোটাধিকার উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার যে পরিণতি হয়েছে, বর্তমান সরকারকে সেখান থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি। একই কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে গণভোটে জনগণ যে মতামত দিয়েছে, তার প্রতি সম্মান দেখানো সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ ও দেশীয় সংস্কার প্রসঙ্গে মামুনুল হক বলেন, শুধু সংবিধান সংশোধনই যথেষ্ট নয়, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাঠামোগত ও রূপান্তরকারী সংস্কার প্রয়োজন। গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জনগণের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্ক ও বিচার নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে। পাশাপাশি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচার নিশ্চিত করাকে জনগণের ন্যায্য অধিকার বলে উল্লেখ করেন তিনি।
বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাকর্মী ও নায়েবে আমিরগণ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।







