দেশে আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে খুনাখুনি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক কোন্দল, দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ্বন্দ্ব, এলাকার আধিপত্য বিস্তার, আন্ডারওয়ার্ল্ডের লড়াই, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও পারিবারিক কলহ থেকে এসব খুনের ঘটনা ঘটছে। অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা অস্বস্তিতে রয়েছে সরকার।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সারা দেশে ২,০৭৬ জন খুনের শিকার হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬ এবং জুলাই মাসে ২৯৮টি খুনের ঘটনা ঘটে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে সারা দেশে এই খুনাখুনির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
গণ-অভ্যুত্থানের পর একাধিক শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পাওয়া এবং প্রবাসে থাকা সন্ত্রাসীরা নতুন করে সরব হওয়ায় আন্ডারওয়ার্ল্ডের আধিপত্যের লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে। এছাড়া রাজনৈতিক মেরূকরণের পর সাত মাসে রাজনৈতিক দ্বন্দ্বে ৭৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৯০ শতাংশই বিএনপির নেতাকর্মী। পাশাপাশি রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও খুলনা অঞ্চলে অপরাধ ও খুনাখুনির ঘটনা বেশি দেখা যাচ্ছে।
খুনাখুনিতে অবৈধ অস্ত্রের ব্যবহার বড় ধরনের শঙ্কা তৈরি করেছে। জুলাই বিপ্লবের সময় থানা ও ব্যারাক থেকে লুট হওয়া ১,৩১১টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এসএসজি, চায়না রাইফেল ও পিস্তলের মতো এই লুণ্ঠিত অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে থেকে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। পুলিশ এসব অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা দিয়ে অভিযান জোরদার করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মাঠপর্যায়ে পুলিশকে সক্রিয় করার তাগিদ দিচ্ছেন এবং আইজিপি রেঞ্জ ডিআইজি ও জেলার এসপিদের কঠোর নির্দেশ পাঠিয়েছেন। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহদাত হোসাইন জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক মনে করেন, বিচারহীনতা, দীর্ঘসূত্রতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতি শিথিল থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা। অপরাধ নিয়ন্ত্রণে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
