রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে একগুচ্ছ কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব নির্দেশনার মধ্যে সড়কে ফিটনেস ও অনুমোদনহীন ‘ডাবল ডেকার স্লিপার বাস’ চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান।
বৈঠকে ঢাকা মহানগরীর বর্তমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের অতিরিক্ত চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, টার্মিনাল পুনর্বিন্যাস এবং আধুনিক পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিষদ আলোচনা হয়। এ ছাড়া রাজধানীতে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে দ্রুত একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
যানজট নিরসনে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় দ্রুতগতির ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) প্রযুক্তি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর জন্য চার মাসের মধ্যে একটি ডিজিটাল অ্যাপ তৈরির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি সব সরকারি সংস্থার মধ্যে সঠিক সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
সম্প্রতি সাধারণ বাসের ফিটনেস সনদ নিয়ে পরবর্তীতে অবৈধভাবে কাঠামো বদলে ‘ডাবল ডেকার স্লিপার বাসে’ রূপান্তর করার মতো অনিয়মের খবর গণমাধ্যমে উঠে আসে। যাত্রাবাড়ীতে এমন একটি অবৈধ ওয়ার্কশপে যৌথ অভিযানের পর বিষয়টি সরকারি নজরদারিতে আসে। তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই কড়া অবস্থান।
উক্ত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ঢাকার দুই সিটির প্রশাসক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।







