বাগেরহাটের মোংলার বাসিন্দা মিরাজ শেখের গুম হওয়ার ঘটনাকে প্রশ্নবিদ্ধ করতে অভিযুক্ত বাহিনীর তত্ত্বাবধানে দুটি সংবাদমাধ্যমের ‘সংঘবদ্ধ অনুসন্ধানী’ প্রতিবেদন প্রকাশের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঢাকা থেকে চারটি সংবাদমাধ্যমের চারজন সংবাদকর্মীকে কোস্টগার্ডের নিজস্ব খরচে ও ব্যবস্থাপনায় বাগেরহাটে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, পুরো বিষয়টি সমন্বয় করেন ‘এখন টিভি’র প্রধান বার্তা সম্পাদক তুষার আবদুল্লাহ এবং সদ্য ‘নাগরিক প্রতিদিন’ থেকে ‘এখন টিভি’তে যোগদান করা শাহরিয়ার জামান দীপ। চারজন সাংবাদিকের ঢাকা থেকে যাতায়াত, থাকা-খাওয়া এবং আনুষঙ্গিক সমস্ত ব্যয়ভার সরাসরি কোস্টগার্ডই বহন করে।
ঘটনাস্থলে গিয়ে চার দিন ধরে কোস্টগার্ডের নিজস্ব নৌযানে চড়ে অনুসন্ধানের নামে ‘মিরাজকে কোস্টগার্ড তুলে নিয়ে যায়নি’—এমন একপেশে বয়ান প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নেয় ওই দুই মিডিয়া। তবে বিস্ময়করভাবে দুটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের কোনোটিতেই ভুক্তভোগী মিরাজ শেখের পরিবারের কোনো সদস্যের বক্তব্য যুক্ত করা হয়নি।
উল্লেখ্য, বাগেরহাটের মোংলার জয়মণি গ্রামের বাসিন্দা মিরাজ শেখকে গত ১০ এপ্রিল তুলে নিয়ে গুম করার অভিযোগ ওঠে কোস্টগার্ডের বিরুদ্ধে। পরবর্তীতে তাঁর সন্ধানের দাবিতে জুন মাসে পরিবার ও গ্রামবাসী কর্মসূচি পালন করতে গেলে কোস্টগার্ডের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর গুম হওয়া মিরাজের মা, স্ত্রী ও বোনসহ ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করে, এবং তারা টানা ২৭ দিন কারাগারে বন্দি ছিলেন।
