বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ সোঊ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।
সাক্ষাতে জাতীয় সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা ও সংলাপের কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। তরুণ এমপিদের সম্পৃক্ততা বাড়ানো আইপিইউয়ের অন্যতম অগ্রাধিকার বলে বৈঠকে উল্লেখ করা হয়।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
