জাতীয় সংসদে বিদ্যুৎ পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘বিগত সরকারগুলোর ভুল নীতি’র প্রসঙ্গ তোলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে থামিয়ে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রতিমন্ত্রীকে সরাসরি অতীত সরকারের সমালোচনা এড়িয়ে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা চলাকালে প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি এবং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়নি। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন যে, বিগত দেড় যুগে অবকাঠামোগত ঘাটতি ও রূপকল্পের ভুলের কারণেই আজ গ্রামাঞ্চলে বিদ্যুৎহীনতার ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রতিমন্ত্রী যখন তৎকালীন নীতিগত ব্যর্থতা তুলে ধরে বক্তব্য অব্যাহত রাখেন, তখন তাকে থামিয়ে দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “মাননীয় মন্ত্রী, বিগত সরকার বাদ দেন। এখন আপনার পরিকল্পনা তো বলেছেন।” স্পিকারের অনুশাসনের পর প্রতিমন্ত্রী সংক্ষেপে বক্তব্য শেষ করার প্রতিশ্রুতি দিয়ে জ্বালানি বৈচিত্র্য না থাকা এবং আন্তর্জাতিক সংকটে দেশীয় সরবরাহে চাপ তৈরি হওয়ার মূল কারণগুলো সংক্ষেপে তুলে ধরেন।
পরবর্তীতে বিদ্যুৎ পরিস্থিতির মধ্যমেয়াদি টেকসই সমাধানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সরকার এখন উৎস বৈচিত্র্য ও নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে। সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানো, উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সুযোগ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা প্রদানের মতো নানা উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।







