যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধানের অংশ হিসেবে এসব বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও রেকর্ডপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চেয়েছে সংস্থাটি।
একই সঙ্গে মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগও অনুসন্ধানের আওতায় এনেছে দুদক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো চিঠিতে প্রয়োজনীয় নথি ও তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাকৃত তথ্য ও রেকর্ডপত্র অনুসন্ধান দলের কাছে পাঠাতে বলা হয়েছে।
দুদকের চিঠিতে জানানো হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য উপপরিচালক মো. জাহিদ কালামকে দলনেতা করে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন এবং উপসহকারী পরিচালক রোমান উদ্দিন।
দুদক জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।







