বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত পথচারী ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটে নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম হঠাৎ দৌঁড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে পড়ে। ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
দুর্ঘটনায় গুরুত্বর আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।







