জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত। গত ছয় মাসে সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং দেওয়া প্রতিশ্রুতির কোনোটিই বাস্তবায়ন করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছালে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, লংমার্চের পথে মানুষের কাছ থেকে তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন। বিভিন্ন স্থানে মানুষ তাদের গাড়ি থামিয়ে কুশল বিনিময় করছেন এবং নিজেদের নানা সমস্যার কথা জানাচ্ছেন।
তিনি বলেন, মানুষের ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেই। অনেকেই কাজ পাচ্ছেন না। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
এনসিপির আহ্বায়ক বলেন, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যেই বর্তমান লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রয়োজনে খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হতে পারে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে মানুষ ঢাকায় এসেছিল, একইভাবে ভবিষ্যতের কর্মসূচিতেও সবাইকে ঢাকায় আসার আহ্বান জানানো হচ্ছে।
