লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক নারীকে অনৈতিক প্রস্তাব প্রদান ও ছবি তুলে অর্থ দাবির মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগে মহিন উদ্দিন নামের এক যুবদল নেতা ও তাঁর সহযোগী মুরাদকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর চরশাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাবেয়া (২৯) নামের এক নারীর ঘরে গোপনে প্রবেশ করে ছবি ধারণ করেন অভিযুক্ত মহিন ও তাঁর সহযোগীরা। পরবর্তীতে অজ্ঞাত নম্বর থেকে ভুক্তভোগীকে ফোন করে অনৈতিক প্রস্তাবের পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা মানসিকভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ জানান।
অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ গোপনে ওই নারীর বাড়িতে অবস্থান নেয়। পরে পুলিশের কৌশলে টাকা দেওয়ার কথা বলে অভিযুক্তদের ফোন করা হলে যুবদল নেতা মহিন ও তাঁর সহযোগী মুরাদ টাকা নিতে এসে হাতেনাতে আটক হন। প্রাথমিক তল্লাশিতে তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনে ব্ল্যাকমেইলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটক দুজনকে থানায় এনে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক ও নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
