জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে জনগণ রাজপথে ‘লাল কার্ড’ দেখাবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শনিবার ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে ফেনীতে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্যদানকালে তিনি এই মন্তব্য করেন।
মামুনুল হক অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মতো পদক্ষেপের মাধ্যমে যদি দেশের গণভোটের রায়কে বানচাল করার চেষ্টা চালানো হয়, তবে তা ব্যর্থ হবে। একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের একটি অংশকে গ্রহণ ও অন্য অংশকে অবৈধ বলে জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করে সংসদে বসে দেশ পরিচালনা দেশবাসী মেনে নেবে না বলে জানান তিনি।
অবিলম্বে জুলাই সনদ প্রদান ও গণভোটের রায় কার্যকর না করা হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা জানান মামুনুল হক। জনগণের ন্যায্য দাবি আদায়ে জোটের সব দল রাজপথে একসঙ্গে সক্রিয় থাকবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে লংমার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।
