শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পিলখানায় প্রাণ হারানো ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকারীসহ আয়নাঘর ও নির্যাতনকেন্দ্র পরিচালনাকারীদের কঠোর বিচার আদায়ের হুঁশিয়ারি দেন তিনি। শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সরকারের দায়িত্বশীলতার সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিরোধী দল ভেবেছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে সংসদের ভেতরেই সব সংকটের ফয়সালা করা হবে। কিন্তু সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে দেশের ৭০ শতাংশ নাগরিকের সঙ্গে প্রতারণা করেছে। কোনো লোভ বা টোপ দিয়ে বিরোধী দলকে কেনা যাবে না উল্লেখ করে তিনি জানান, খুব শিগগিরই রাজপথে বৃহত্তর আন্দোলনের ডাক আসবে যেখানে দুর্নীতিবাজ ও আধিপত্যবাদীদের পরাজয় সুনিশ্চিত।
বিগত আন্দোলনের শহীদদের ত্যাগ ও গুমের শিকার হওয়া পরিবারগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ছয় মাস রাষ্ট্র পরিচালনার পর নিজেদের ‘শিশু সরকার’ দাবি করা গ্রহণযোগ্য নয়। জনগণ কোনো শিশুকে ভোট দেয়নি, বরং তাঁদের প্রাপ্তবয়স্ক ও দায়িত্বশীল বিবেচনা করেই প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।
বক্তব্যের শেষভাগে সরকারকে কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, একের পর এক অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হলেও বিরোধী দল চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। এ পর্যন্ত বিরোধী দল নিয়মতান্ত্রিক উপায়ে পথ চললেও পরিস্থিতি অনুযায়ী কঠোর ভূমিকা গ্রহণ করতে পিছপা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
