ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য এবং চরিত্রহননের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা। এ ঘটনার প্রেক্ষিতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছে সংগঠনটি।
ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রক্টর অফিসে গিয়ে এই অভিযোগপত্র জমা দেয়। অভিযোগে বলা হয়, কয়েকজন শিক্ষার্থী তাঁদের নারী সহপাঠী ও শিক্ষকদের নিয়ে সাইবার স্পেসে অবমাননাকর মন্তব্য ও হয়রানি চালাচ্ছে, যা ক্যাম্পাসের নিরাপদ একাডেমিক পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
ছাত্রশিবিরের ঢাবি সেক্রেটারি কাজী আশিক জানান, ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা চরম হুমকির মুখে পড়বে। একটি নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্রশিবির আপসহীন ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
অভিযোগপত্র গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং দ্রুত তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ও একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।







