ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে এর জবাব হবে দ্রুত, কঠোর ও বেদনাদায়ক।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রোববার পার্লামেন্টের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের এখন বোঝা উচিত যে ইরানের পক্ষ থেকে ‘আনুপাতিক জবাব’ দেওয়ার সময় শেষ হয়ে গেছে। আগ্রাসনকারীদের ঘাঁটি লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক সামরিক অভিযানকে তিনি কেবল শুরু হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এখনো ইরানের বার্তা বুঝতে না পারে, তাহলে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগেই তাদের উপলব্ধি করতে হবে যে সংঘাতের ‘খেলার নিয়ম’ পরিবর্তিত হয়েছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আগের তুলনায় আরও দ্রুত, কঠোর ও বেদনাদায়কভাবে দেওয়া হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন এনেছে বলে দাবি করা হচ্ছে। দেশটি প্রচলিত প্রতিরক্ষামূলক অবস্থানের পাশাপাশি পূর্বপ্রস্তুতিমূলক সামরিক অভিযানের নীতির দিকে এগোচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য হামলার আগে থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা জোরদার করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
গালিবাফের বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো।
সূত্র: প্রেস টিভি
