বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যেই গতকাল রোববার জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী দাবি করে এর বিরোধিতা করে বিরোধী দল। বিল পাসের একপর্যায়ে তারা সাময়িকভাবে সংসদ কক্ষ ত্যাগ করেন।
নতুন আইনে সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করার সুযোগ রাখা হয়েছে।
১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রোপার্টি অ্যাক্ট সংশোধনের জন্য প্রস্তাবিত বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিলের ওপর জনমত যাচাই, সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো এবং বিভিন্ন সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর তা পাস করা হয়।
গেজেট অনুযায়ী, পিতা-মাতা কিংবা পিতামহ-মাতামহ তাদের সন্তান বা নাতি-নাতনিকে এবং একইভাবে স্বামী-স্ত্রী পরস্পরের মধ্যে সম্পত্তি দান করলে দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন।
এ ছাড়া দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে, আইন অনুযায়ী ওই সম্পত্তির ভোগাধিকার এবং মালিকানাসংক্রান্ত অধিকার গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।
সংসদে পাস হওয়া সংশোধিত আইনের গেজেটে এসব বিধান বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।







