বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় ডাকাতির চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই শীর্ষ নেতা। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের ৯ নম্বর ওয়ার্ডের রহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল মোল্যা। অন্যদিকে স্থানীয়দের মধ্যে একই পরিবারের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিল্পী বেগম, তাঁর স্বামী রহিম, ছেলে আরমান ও জামাতা রিয়াজ আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ছাত্রদলের ওই নেতারা বাইরে থেকে এক নারীকে ডেকে এনে ঘরে ঢুকিয়ে গৃহকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালান। টের পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁদের হাতেনাতে ধরে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখে মারধর করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের অন্য নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ওই পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের লোকজনকে মারধরের পাশাপাশি বাসাবাড়িতে ব্যাপক ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট চালানো হয়।
এ ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা পরিদর্শনসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
