২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের পর সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইটিতে জ্ঞানের পিরামিডের চারটি স্তর—উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—উল্লেখ থাকলেও কোনো প্রতীক বা আইকন ব্যবহার করা হবে না।
রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম বইয়ে থাকবে। তবে কোনো আইকন রাখা হবে না। আগামী শিক্ষাবর্ষে এভাবেই বই প্রকাশ করা হবে। পরবর্তী বছর বিষয়গুলো আরও পরিমার্জন করা হবে, যাতে কোনো ভুল তথ্য না থাকে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানোর পরিকল্পনা ছিল। এরই মধ্যে প্রায় ২০ লাখ কপি ছাপানো শেষ করে সেগুলোর একটি অংশ মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এনসিটিবি। পাশাপাশি মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে পুনরায় সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।
যেভাবে বিতর্কের সূত্রপাত
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের সর্বোচ্চ স্তর প্রজ্ঞা বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীকের সঙ্গে ছবিটির মিল থাকায় বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিটিবি।
প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা যেভাবে এল
পাঠ্যবইয়ে ‘উইজডম’ (Wisdom) শব্দের বাংলা অর্থ নিয়ে পরিবর্তনের ধারাবাহিকতায় এ বিতর্কের সূত্রপাত। ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে উইজডমের বাংলা অর্থ হিসেবে ‘বুদ্ধি’ লেখা হয়েছিল। তখন এর প্রতীক ছিল দাঁড়িপাল্লা।
২০২৬ শিক্ষাবর্ষের বইয়ে ‘বুদ্ধি’র প্রতীক পরিবর্তন করে মস্তিষ্কের ছবি যুক্ত করা হয়। পরে ২০২৭ শিক্ষাবর্ষের বই পরিমার্জনের সময় সংশ্লিষ্ট কমিটি ‘বুদ্ধি’র পরিবর্তে ‘প্রজ্ঞা’ শব্দটি ব্যবহারের সুপারিশ করে। একই সঙ্গে আগের মস্তিষ্কের প্রতীকটি বহাল রাখার কথা বলা হয়েছিল।
তবে চূড়ান্ত পরিমার্জনের সময় মস্তিষ্কের পরিবর্তে আবারও দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়। এতে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা নিয়ে নতুন করে বিতর্ক দেখা দেয়। শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে ২০২৭ শিক্ষাবর্ষের বই থেকে সব ধরনের প্রতীক বা আইকন বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।
