ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। ব্রিফিংকালে আওয়ামী লীগকে তীব্র সমালোচনা করে তিনি মন্তব্য করেন, “আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং।”
উপদেষ্টা জাহেদ উর রহমান আরও বলেন, কোনো মাফিয়া গ্যাংয়ের আক্রমণের শিকার হওয়া নিজেই প্রমাণ করে যে আজমেরী হক বাঁধন সঠিক পথেই ছিলেন এবং অন্যায়-স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানরত অভিনেত্রী আজমেরী হক বাঁধন সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে হাঁটতে গেলে প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী একদল নেতাকর্মীর হামলার শিকার হন। হামলাকারীরা তাঁর গায়ে পানি ও কোক ছুড়ে মারে, মোবাইল ফেলে দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা চালায়।
ঘটনার পর পর ফেসবুক লাইভে এসে আতঙ্কিত ও আহত অবস্থায় বাঁধন হামলার ঘটনার বিস্তারিত বিবরণ দেন এবং জানান যে এই ঘটনায় তিনি স্থানীয় ইতালীয় পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
