ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালিয়ে কাঁঠালিয়া থানা পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে ও সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার এবং একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম আউড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় অন্তর ও জাহিদুলের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রের দাবি, কলেজ ছাত্রদলের পদে থাকার পরও অন্তর হাওলাদার দীর্ঘদিন ধরে নিজে মাদক সেবনের পাশাপাশি প্রকাশ্যে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ওসি আরও জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাঁদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
