জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-এর ঐতিহাসিক রেকর্ড জয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির বর্তমান ও কঠোর অভিবাসননীতির বিরুদ্ধে সাধারণ মানুষের চরম ক্ষোভকেই দলটির এই অভূতপূর্ব জনপ্রিয়তার মূল কারণ বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জার্মানির পপুলিস্ট দলটি একটি বড় ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, জার্মানির জনগণ শেষ পর্যন্ত দেশের ‘ভয়াবহ ও ক্ষতিকর অভিবাসন নীতিমালা এবং বিধিনিষেধের’ ওপর চরমভাবে বিরক্ত হয়ে উঠেছে।
ট্রাম্পের দাবি, এসব ভুল নীতির কারণে জার্মানির মারাত্মক ক্ষতি হয়েছে এবং তা আর মেনে না নিয়ে জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। আর সে কারণেই এএফডি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বার্তার শেষ অংশে তিনি লেখেন ‘এমজিজিএ’ (MGGA), যার পূর্ণরূপ ‘মেইক জার্মানি গ্রেইট এগেইন’ বা ‘জার্মানিকে আবার মহান করো’।
উল্লেখ্য, গত রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্যাক্সনি-আনহাল্ট রাজ্য নির্বাচনে এএফডি ৪৩.৮ শতাংশ ভোট পেয়ে বড় জয় অর্জন করে, যা দেশটির কোনো রাজ্য নির্বাচনে দলটির সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড। অন্যদিকে, চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) বড় বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১৭.২ শতাংশ ভোট পেয়েছে।
বিপুল এই জয় সত্ত্বেও দলটিকে ঘিরে জার্মানির রাজনীতিতে বিতর্ক কমেনি। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এএফডির স্যাক্সনি-আনহাল্ট শাখাকে ‘প্রমাণিত ডানপন্থি উগ্রপন্থি সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, দলটির একটি অংশ জাতিগত ও বর্ণবাদী মানসিকতা থেকে জাতীয় পরিচয়কে ব্যাখ্যা করে, যা জার্মানির গণতান্ত্রিক ও সাংবিধানিক মূলনীতির পরিপন্থী। এই আইনি মূল্যায়নের ভিত্তিতে জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলো এএফডির সঙ্গে জোট বা সরকার গঠনে কঠোর অসম্মতি বজায় রেখেছে।
