চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রী হলগুলোর দীর্ঘদিনের ডিপ ফ্রিজ সংকট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন চাকসু জিএস সাঈদ বিন হাবিব। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রীতিলতা, সুফিয়া কামাল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ফজিলাতুন্নেছা ও মাস্টারদা সূর্যসেন হলের জন্য নিজের বরাদ্দকৃত অর্থ থেকে পাঁচটি ডিপ ফ্রিজ উপহার দিচ্ছেন তিনি।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, হলে থাকা ছাত্রীদের জন্য বাসাবাড়ি থেকে আনা বা নিজেরা প্রস্তুত করা অতিরিক্ত খাবার সংরক্ষণে ডিপ ফ্রিজের সংকট বহুদিনের। সঠিক সংরক্ষণের সুযোগ না থাকায় প্রায়শই চরম ভোগান্তিতে পড়তে হতো আবাসিক ছাত্রীদের।
এ বিষয়ে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, দীর্ঘ দিন ধরে ছাত্রীরা খাবার সংরক্ষণ নিয়ে বেশ বিড়ম্বনা পোহাচ্ছিলেন। অনেকেরই রান্না করা বা বাড়ি থেকে আনা খাবার পচে নষ্ট হয়ে যেত। বিষয়টির স্থায়ী সমাধানের জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাঈদ আরও জানান, চাকসু জিএস হিসেবে দায়িত্ব পালনকালে আপ্যায়ন, চা-নাস্তা ও যাতায়াতসহ বিভিন্ন খাত বাবদ তাঁর অনুকূলে মোট ২ লাখ ৫০ হাজার টাকার বাজেট বরাদ্দ ছিল। দায়িত্ব পালনের পুরো মেয়াদে এই বাজেটের একটি টাকাও তিনি ব্যক্তিগত কাজে ব্যয় করেননি বা উত্তোলনও করেননি।
দায়িত্বের শেষভাগে এসে শিক্ষার্থীদের অতিপ্রয়োজনীয় এই চাহিদা পূরণে সেই পুরো অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে নেওয়া এই উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
