গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত রিমান্ডের এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদী মাহবুবুর রহমান ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে ‘অনয় ডেভেলপার কোম্পানি’র মালিক ওবাইদুলকে ২৫ লাখ ৮৫ হাজার টাকা দেন। পরবর্তীতে ব্যবসায়ী অংশীদার পরিচয় দিয়ে হরিদাস চন্দ্র তরণী ফ্ল্যাটের কথা বলে আরও ৪৫ লাখ টাকা নেন। দুই জন মিলে মোট ৭৫ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাৎ করলেও শেষ পর্যন্ত বাদীকে কোনো ফ্ল্যাট বুঝিয়ে দেননি।
এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের দায়ের করা একটি অর্থপাচার মামলায় গত ১২ জুলাই রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রাম থেকে হরিদাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেই মামলায় চার দিনের রিমান্ড শেষে গত ১৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানার এই প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং সিআইডির উপ-পরিদর্শক মাসুদ রানা ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আজ আসামির উপস্থিতিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।







