সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। তিনি ওই বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন।
একই সঙ্গে বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই নেতা। আদালত প্রাঙ্গণে থাকা বস্তি উচ্ছেদ এবং আইনজীবীদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরিরও দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের বক্তব্যের সমালোচনা করে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘হু ইজ হি হেয়ার, অ্যাটর্নি জেনারেল? তিনি কে? তার বক্তব্যই অপ্রাসঙ্গিক। তিনি আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন।’
তিনি বলেন, ‘আপনারা জানেন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমাকে ১১ বার নির্বাচিত করেছেন। আমিই তো আইনজীবীদের কথা বলব, বিচারপ্রার্থীদের কথা বলব। এখানে অ্যাটর্নি জেনারেলের কোনো কাজ আছে? তিনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন। তিনি কীভাবে আইনজীবীদের বিপক্ষে অবস্থান নেন?’
মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, হাইকোর্টে এখনো অনেক বিচারপতি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এসব বিচারকের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।
তার দাবি, এক মাসের মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে আইনজীবীদের নিয়ে আন্দোলনে নামা হবে। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বিচার বিভাগের দুর্নীতি প্রসঙ্গে খোকন বলেন, ‘সবারই একটি উদ্বেগ বিচার বিভাগের দুর্নীতি নিয়ে। প্রধান বিচারপতির কাছে এসব বিষয় তুলে ধরা আমার দায়িত্ব।’
তিনি বলেন, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতকে দুর্নীতিমুক্ত করতে হবে। এ জন্য আগামী এক মাসের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকা বস্তি উচ্ছেদের দাবিও জানান আইনজীবী সমিতির সভাপতি। তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতে বস্তি থাকবে কেন? আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে বস্তি উচ্ছেদ করতে হবে।’
একই সঙ্গে আইনজীবীদের বসার জায়গা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে অস্থায়ীভাবে শেড নির্মাণের দাবি জানান তিনি। ভবিষ্যতে পরিকল্পিতভাবে আইনজীবীদের জন্য চেম্বার, হলরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথাও বলেন তিনি।
এর আগে গত মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের বাদানুবাদের জেরে আপিল বিভাগের বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়।
এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এক সংবাদ সম্মেলনে বলেন, মাহবুব উদ্দিন খোকন আইনজীবীদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় প্রধান বিচারপতির কাছে বলেছেন বলে দাবি করেছেন। তবে মামলার কার্যক্রমে এ ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।
