চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হওয়া, বহিরাগত হিসেবে প্রবাসীর বাসায় যাপন এবং স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরির অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে অভিযুক্ত ওই নারীকেও কারাগারে পাঠানো হয়েছে।
ডিএমপিতে কর্মরত এএসআই নুরুন্নবী মুন্না এবং পরকীয়ায় অভিযুক্ত নারীকে গত বুধবার (৯ সেপ্টেম্বর) নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার একটি ফ্ল্যাট থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রবাসীর ভাইয়ের দায়ের করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে ২০২১ সালে আকবরশাহ থানায় কর্মরত থাকা অবস্থায় ওই নারীর সঙ্গে এএসআই মুন্নার পরিচয় হয়, যা পরবর্তী সময়ে অনৈতিক সম্পর্কে গড়ায়। ঘটনার দিন রাতে প্রবাসীর বাসায় অবস্থানকালে স্থানীয়রা তাঁদের হাতেনাতে ধরে ফেলে। পাশাপাশি প্রবাসীর ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা সরিয়ে ফেলার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পরকীয়া, মারধর, চুরি ও হুমকির অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারায় প্রবাসীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।
